শিক্ষামন্ত্রীকে রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম, শাহবাগ ছাড়লেন এইচএসসি শিক্ষার্থীরা

ঢাকা ১৫ জুলাই - শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তারা শাহবাগ ত্যাগ করলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দেন।
আন্দোলনকারীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে সমবেত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা করা হবে।”
তিনি আরও বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ ছয় দফা দাবি কিংবা সরকার পতনের কথা বললেও তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। শিক্ষা ও ফলাফলের ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর বিরুদ্ধেই তারা অবস্থান নিয়েছেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন শিক্ষার্থীরা।
বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর কিছুক্ষণ পর আরেকদল শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবরোধ গড়ে তোলে। প্রায় এক ঘণ্টা পর তারা কর্মসূচি প্রত্যাহার করে পরবর্তী ঘোষণা দিয়ে এলাকা ত্যাগ করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এদিকে, একই সময়ে আরেকটি শিক্ষার্থী প্রতিনিধিদল ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে বৈঠক করেছে। ফলে আন্দোলনে ভিন্নমুখী অবস্থান লক্ষ্য করা গেছে।





