‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবুও আমরা কখনো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না।’
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর বগুড়া মহানগরীর সাতমাথা জিরো পয়েন্টে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে, বুট দিয়ে লাথি মারা হয়েছে, কলার চেপে ধরা হয়েছে। এসব শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন তারা রাজনৈতিক অবস্থান জানাবে—সেই পরিস্থিতিতে কী করা হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের টালবাহানা না করার আহ্বান জানান তিনি। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে।
নারীদের স্বাধীনতা ও চাকরির বৈষম্যের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা দাবি করেন, গত ১৭ বছর দেশে নারীরা প্রকৃত অর্থে স্বাধীন ছিলেন না। তিনি বলেন, বগুড়ার মানুষ হওয়ায় অনেকে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। এখানকার তরুণরা মেধাবী হওয়া সত্ত্বেও কেবল আঞ্চলিক পরিচয়ের কারণে তারা সুযোগ পাননি বলে অভিযোগ করেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গতকাল আমাদের অবাঞ্ছিত বলা হয়েছে। অথচ যাদের আমরা দেশে এনেছি, তারাই আজ আমাদের অবাঞ্ছিত বলছে—এটা সত্যিই নির্মম পরিহাস।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী এবং জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।





