ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এমপি দাবি করেছেন, রাজধানী ঢাকার সবকটি সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তবে একটি সুনির্দিষ্ট ‘মেটিকুলাস ডিজাইনে’ (সূক্ষ্ম নকশায়) জামায়াতের সেই নিশ্চিত বিজয় কেড়ে নেওয়া হয়েছে।
গত শুক্রবার ঢাকার কোতোয়ালি দক্ষিণ থানা ইউনিটের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।
তিনি বলেন, বিগত দিনগুলোতে হাজারো প্রতিকূলতা ও নির্যাতন মোকাবিলা করে জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় ছিল। আর সেই কারণেই দেশের সাধারণ মানুষ দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল। কিন্তু নির্বাচন পরবর্তী ভোট জালিয়াতি ও সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে ‘মেইনস্ট্রিম’ বা মূলধারার রাজনীতিতে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হয়নি।
তার দাবি, এই ভোট জালিয়াতির পরোক্ষ স্বীকারোক্তি খোদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও দিয়েছিলেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে সক্রিয় থাকা একটি মহলের গভীর ষড়যন্ত্রের কারণেই জামায়াতকে দেশ সেবায় রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
রাজধানীর পল্টনে মহানগর কার্যালয়ে কোতোয়ালি দক্ষিণ থানা আমির মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।





