রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার আহ্বান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. তৌফিক-উর-রহমান। বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং তাদের ভেরিফিকেশন (যাচাই-বাছাই) কার্যক্রম আরও গতিশীল করতে মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতির কড়া প্রতিবাদ ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়। বাংলাদেশ স্পষ্ট করে জানায়, ওই বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যাসহ নানা ভুল পরিসংখ্যান ও তথ্য উপস্থাপন করা হয়েছে। এছাড়া, মিয়ানমার কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়; তাদের নিজস্ব সুস্পষ্ট জাতিগত পরিচয় রয়েছে, যা অতীতে মিয়ানমার সরকার কর্তৃক স্বীকৃত ছিল।
মহাপরিচালক তৌফিক-উর-রহমান রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া শিশু এবং পরবর্তীতে ২০১৭ সালের পর আগত নতুন সদস্যদের যুক্ত করে ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দেন। একই সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে জানানো হয়, খুব শিগগির ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার বায়োমেট্রিক তথ্য মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে বাংলাদেশের সব উদ্বেগ ও পর্যবেক্ষণ নিজ দেশের সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো রাখাইন রাজ্যে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন। এ লক্ষ্য অর্জনে যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে মিয়ানমার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।





