বটিয়াঘাটায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নের টালিয়ামারী গ্রামে আরিফা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নিজ স্বামীর বাড়ির বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফা টালিয়ামারী গ্রামের আছাবুর মোল্লার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। এরই জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





