রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের

ঢাকা, ২১ জুলাই — রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালনকালে সফলতা ও পেশাদারিত্বের জন্য বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি নৌবাহিনীর উন্নয়নে অ্যাডমিরাল নাজমুল হাসানের অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌবাহিনী প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।






