বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ বৃত্তি দেবে সৌদি আরব

ঢাকা, ১৬ জুলাই ২০২৬:
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ জানান, সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ বৃত্তির বরাদ্দ নিশ্চিত করেছে। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
বৈঠকে সৌদি আরব বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনীতি, অর্থনীতি এবং শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও দুই পক্ষ বিস্তারিত আলোচনা করেন।
এ সময় সৌদি আরবে দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধি, শ্রমবাজারে প্রবেশাধিকার সহজ করা এবং নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করছেন, যারা দেশটির অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একইসঙ্গে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উভয় পক্ষ দুই দেশের মধ্যে অংশীদারিত্ব ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে সৌদি প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি আল সুহাইমিও উপস্থিত ছিলেন।





