ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে পেয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ এপ্রিল) রংরপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সর্বশেষ হাম-রুবেলার ক্যাম্পেইন ২০২০ সালে ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ সাড়ে ৫ বছর ধরে কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। প্রতি চার বছর পর এই ক্যাম্পেইনটি হওয়ার কথা ছিল। ফলে নিউবর্ন শিশুরা এখন হামে আক্রান্ত।
সাখাওয়াত হোসেন বলেন, টিকা ক্রয়, সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় পূর্ববর্তী দুটো সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও দীর্ঘসূত্রিতার কারণে টিকার মজুতে মারাত্মক সংকট তৈরি হয়েছে। এর ফলে দেশে হামের টিকাসহ আরও ছয় ধরনের টিকার অভাব দেখা দেয়। যে কারণে দেশের বহু শিশু টিকাদান সেবা থেকে বঞ্চিত হয় এবং সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার উচ্চঝুঁকিতে পড়ে; যার ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে।





