পুলিশকে আর কখনও ফ্যাসিবাদের হাতিয়ার হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

দেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রেই সরকারের প্রধান প্রত্যাশা।
রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শুধু স্মরণ করলেই দায়িত্ব শেষ হয় না। যেসব পুলিশ সদস্য দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিলেন, তাঁদের সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, ‘এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
রাজারবাগ পুলিশ লাইন্সের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সূচনালগ্নে চট্টগ্রামে মেজর জিয়ার স্বাধীনতার পক্ষে ঘোষণা এবং ঢাকায় রাজারবাগে পুলিশের প্রতিরোধ মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। সেই সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে এখনো গবেষণার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মার্চে পাকিস্তানি বাহিনী যখন ঢাকায় বিপুলসংখ্যক সেনা মোতায়েন করছিল, তখন সব পুলিশ সদস্যকে রাজারবাগে একত্রিত করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী কৌশল ছিল, সেটি গবেষণার বিষয় হতে পারে।
বর্তমান সরকারের সময়ে জনগণ শান্তি ও নিরাপত্তা প্রত্যাশা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের দায়িত্ব সবচেয়ে বেশি। তিনি পুলিশ সদস্যদের মানবিক আচরণের আহ্বান জানিয়ে বলেন, শুধু আন্তর্জাতিক পরিসরেই নয়, দেশের সাধারণ মানুষের সঙ্গেও পুলিশের আচরণ হতে হবে দায়িত্বশীল ও সহানুভূতিশীল।
তিনি আরও বলেন, ‘আপনারা সাধ্য ও সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন। মানুষের আস্থা অর্জনই হবে পুলিশের সবচেয়ে বড় সফলতা।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ওই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী খোলা জিপে করে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। চার দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
বার্ষিক প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ আয়োজন।





