দল থেকে বহিষ্কারে এমপি পদ শূন্য হয় না: নির্বাচন কমিশনার

ঢাকা, ২৩ জুলাই
কোনো রাজনৈতিক দল থেকে সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার এমপি পদ শূন্য হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি পেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শুধুমাত্র দল থেকে বহিষ্কারের ভিত্তিতে কোনো সংসদ সদস্যের পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইসির নেই। সংবিধানে উল্লেখ রয়েছে, দল থেকে পদত্যাগ করলে এমপি পদ শূন্য হওয়ার সুযোগ থাকে, কিন্তু বহিষ্কার করা হলে সেই বিধান প্রযোজ্য নয়।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দলীয় পদ ও সদস্যপদ নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন নির্বাচন কমিশনার। তিনি জানান, এ বিষয়ে কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনে চিঠি দিলেও কমিশনের সরাসরি পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত। তবে স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স এলে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরুর ক্ষেত্রে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোটকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এ বিষয়ে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে।





