চট্টগ্রাম-বরিশালে ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকা, ২৩ জুলাই
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী ২৫ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ২৬ ও ২৭ জুলাইয়ের দিকে বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে ২৭ জুলাইয়ের পর থেকে দেশে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
এদিকে বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাব সক্রিয় রয়েছে। এর ফলে মৌসুমজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।





