সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে

আগামী ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর এক মাস ৪ দিন পর আগামী ১২ মে (মঙ্গলবার) সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। এছাড়া ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত শিডিউল জানানো হবে।
তিনি জানান, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে ৫০টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৩৬টি আসন পেতে যাচ্ছে। সেই সঙ্গে জামায়াত-এনসিপি জোট পাচ্ছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র ৬ প্রার্থী জোটে থাকছে একটি আসন।
আগামী ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেরপুরে মোট ১২৯টি কেন্দ্র রয়েছে। এছাড়া বগুড়ায় কেন্দ্র রয়েছে ১৫১টি। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনোরকম দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সার্বিক পরিস্থিতি মনিটরিং করে আসছে।






