রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জল্পনা, আনুষ্ঠানিক ঘোষণা নেই

ঢাকা,
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—এমন জল্পনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, সম্ভাব্য পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব সূত্রের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি নিয়েও নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
রাষ্ট্রপতির কাছে বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, খুব শিগগিরই পদত্যাগের সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দেননি।
এদিকে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নতুন মুখ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। সূত্রগুলোর মতে, সরকারের গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী একাধিক সচিবের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিএনপি বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে রাষ্ট্রপতির পদত্যাগ ও উত্তরসূরি নিয়ে চলমান আলোচনা এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।






