যান্ত্রিক ত্রুটি সারিয়ে বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে ইউনিটটির উৎপাদন শুরু হয়। বর্তমানে এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ১ নম্বর ইউনিটের উৎপাদন চালু হয়েছে এবং অর্জিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মেরামত কাজ শেষে শনিবার সকালে তা পুনরায় চালু করা সম্ভব হয়।
উল্লেখ্য, ৩৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ৩ নম্বর ইউনিটটি আগে থেকেই চালু ছিল, যেখান থেকে প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ মিলছে। অন্যদিকে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। বর্তমানে ১ ও ৩ নম্বর ইউনিট সচল থাকায় কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২৩০ থেকে ২৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে।





