বিশেষ অভিযানে ৩৮ জন গ্রেপ্তার: কেএমপি

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় ৩৮ জনকে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানায় ১৬ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ২ জন, লবণচরা থানায় ৪ জন, হরিণটানা থানায় ৩ জন, খালিশপুর থানায় ৫ জন, দৌলতপুর থানায় ৪ জন এবং খানজাহান আলী থানায় ৪ জন রয়েছেন।
পুলিশ জানায়, অভিযানে চিহ্নিত সন্ত্রাসী মিরাজ মৃধা (২৬)সহ ৬ জন মাদক কারবারি, ১ জন চোর এবং অন্যান্য অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কেএমপি।
কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






