গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার রাজধানীর একটি হোটেলে এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়ের এই আয়োজনে সমাপনী বক্তব্য দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলা হচ্ছে। বলা হচ্ছে, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ প্রকাশ করা একটি বৈধ ও স্বীকৃত গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি।” তিনি আরও অভিযোগ করে বলেন, প্ল্যাকার্ড হাতে রাজপথে নামলেই ভাঙচুরের তকমা দিয়ে গ্রেফতার ও মামলা দেওয়ার একটি নতুন বয়ান সরকারি তরফ থেকে তৈরি করা হচ্ছে।
বর্তমানে দেশে যে মুক্ত পরিবেশ বিরাজ করছে তা ‘আপৎকালীন’ মন্তব্য করে তিনি সতর্ক করেন যে, কথা বলার সুযোগ ও গণতন্ত্রের জায়গা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। এটি মোকাবিলায় সাংবাদিক ও রাজনৈতিক দলসহ সবাইকে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক সাংবাদিককে চাকরিচ্যুত করার বিষয়টি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ। একই সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে উল্লেখিত সাংবাদিকদের সুরক্ষা আইনসহ ইতিবাচক নীতিগুলো দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।





