স্পাইডার-ম্যান টিজারে মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতির পারিশ্রমিক ১৮৩ কোটি টাকা

বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ফুটবল ও হলিউডের দুই জনপ্রিয় অঙ্গনের সমন্বয়ে নতুন চমক দেখিয়েছে সনি পিকচার্স। আসন্ন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার নতুন টিজারে দেখা গেছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে। স্বল্প সময়ের উপস্থিতিতেই তিনি ভক্তদের নজর কেড়েছেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় ২০ সেকেন্ডের এই টিজারে অংশ নেওয়ার জন্য মেসি ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৩ কোটি টাকা।
টিজারের শুরুতে দেখা যায়, একটি কফিশপে প্রবেশ করে সাধারণ পোশাকে থাকা পিটার পার্কারের মুখোমুখি হন মেসি। সেখানে তিনি জানান, মোবাইল ফোনের একটি ট্র্যাকার ব্যবহার করে শহরজুড়ে স্পাইডার-ম্যানকে খুঁজছেন। কিছুক্ষণ পর পিটার পার্কার আড়ালে চলে গেলে তার স্থানে হাজির হন স্পাইডার-ম্যান। এরপর দুজনের সংক্ষিপ্ত কিন্তু রোমাঞ্চকর অভিযানের মধ্য দিয়ে শেষ হয় টিজারটি।
প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় ভিডিওটি। ফুটবল ও মার্ভেল—উভয় অঙ্গনের ভক্তরা এই ব্যতিক্রমী সমন্বয়কে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
ডেসটিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে টম হল্যান্ড অভিনীত চতুর্থ স্পাইডার-ম্যান চলচ্চিত্র। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর পিটার পার্কারের নতুন অধ্যায়কে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির কথা রয়েছে ২০২৬ সালের ৩১ জুলাই।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের আবহে মেসিকে যুক্ত করা সনির একটি কৌশলগত প্রচারণার অংশ। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার হিসেবে তার বৈশ্বিক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির প্রচারণায় নতুন মাত্রা যোগ করার চেষ্টা করা হয়েছে।





