বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
সোমবার (১৫ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন এবং ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) অ্যানা পিটারসন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান, সংসদ সদস্য মারজিয়া আক্তার ও মারদিয়া মমতাজ এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।
আলোচনায় ডা. শফিকুর রহমানের আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং গণতান্ত্রিক চর্চা আরও অর্থবহ করার বিভিন্ন দিক উঠে আসে। উভয় পক্ষের মত ছিল, বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সংসদীয় গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না।
বৈঠকে সদ্য ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়নকে বৈঠকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও এগিয়ে নেওয়ার সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকের এক পর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





