বক্স অফিসে দাপট দেখাচ্ছে শাহিদ কাপুরের ‘ককটেল ২’

বলিউড অভিনেতা শাহিদ কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ককটেল টু’ মুক্তির পর থেকেই বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। দর্শক ও সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়ে ছবিটি ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে। গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র ছয় দিনেই ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৬৬ কোটি রুপি।
ছবিটিতে শাহিদ কাপুরের সঙ্গে প্রধান দুটি নারী চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন। মুক্তির প্রথম দিনেই ১৩ কোটি ৫০ লাখ রুপি আয় করে শক্তিশালী সূচনা করে সিনেমাটি। এরপরও আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
ভারতীয় বক্স অফিস পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিন বুধবার ‘ককটেল টু’ আয় করেছে ৫ কোটি রুপি। এর ফলে ছয় দিনে ছবিটির মোট নেট সংগ্রহ পৌঁছেছে ৬৬ কোটি রুপিতে।
তবে এই সাফল্যের পথ খুব সহজ ছিল না। একই সময়ে মুক্তি পাওয়া একাধিক আলোচিত ও বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছে ‘ককটেল টু’কে। বক্স অফিসে ছবিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে বরুণ ধাওয়ান অভিনীত ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, রাম চরণ ও জাহ্নবী কাপুরের ‘পেড্ডি’, ববি দেওলের ‘বান্দর’, কঙ্গনা রানাওয়াতের ‘ভারত ভাগ্য বিধাতা’, দিলজিৎ দোসাঞ্জের ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ এবং ‘হন্টেড থ্রিডি: ইকোজ অব দ্য পাস্ট’। তীব্র প্রতিযোগিতার মধ্যেও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ছবিটি।
উল্লেখ্য, ‘ককটেল টু’কে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক-কমেডি সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে দেখা হচ্ছে। মূল ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, ডায়ানা পেন্টি, ডিম্পল কাপাডিয়া, বোমান ইরানি ও রণদীপ হুডা। সে সময় ছবিটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল এবং বক্স অফিসেও সফলতা অর্জন করেছিল।






