পেশাগত অসদাচরণের অভিযোগে ঢাকা টুডে থেকে পাইকগাছা প্রতিনিধি শাহরিয়ার কবীরকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক:
পেশাগত অসদাচরণ ও প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা টুডের পাইকগাছা উপজেলা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবীরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ঢাকা টুডের উপদেষ্টা সম্পাদক মোঃ সাব্বাওয়াত হোসেন স্বাক্ষরিত এক অব্যাহতিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
অব্যাহতিপত্র সূত্রে জানা যায়, সম্প্রতি ‘পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক’ শীর্ষক সংবাদকে কেন্দ্র করে ঢাকা টুডের খুলনা জেলা প্রতিনিধির সঙ্গে শাহরিয়ার কবীরের বিরোধ সৃষ্টি হয়। এ সময় তিনি জেলা প্রতিনিধিকে অশালীন ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং তাঁর পেশাগত যোগ্যতা নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ধরনের আচরণ একটি পেশাদার সংবাদমাধ্যমের শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী বিবেচনায় কর্তৃপক্ষ তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
অব্যাহতিপত্রে আরও বলা হয়, শাহরিয়ার কবীরের কাছে থাকা ঢাকা টুডের অফিসিয়াল পরিচয়পত্র, বুম, ফিতা ও অন্যান্য সরঞ্জামাদি অনতিবিলম্বে পাইকগাছা উপজেলা প্রেসক্লাব অথবা ঢাকা টুডের প্রধান কার্যালয়ে জমা দিতে হবে। অব্যাহতির পর থেকে তিনি ঢাকা টুডের নাম, লোগো, পরিচয়পত্র কিংবা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ঢাকা টুডে কর্তৃপক্ষ।





