পূজায় আসছে দেব-শুভশ্রীর ‘দেশু ৭’, ভাইরাল শুটিংয়ের নেপথ্য মুহূর্ত

আসন্ন দুর্গাপূজায় মুক্তির লক্ষ্য নিয়ে পুরোদমে এগিয়ে চলেছে টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অভিনীত নতুন চলচ্চিত্র ‘দেশু ৭’-এর শুটিং। এই ছবির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবারও বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন এই দুই জনপ্রিয় তারকা। পাশাপাশি এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন দেব নিজেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির শুটিং চলাকালীন একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে অনির্বাণ ও শুভশ্রী গাঙ্গুলীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে শুভশ্রীর গলায় মালা এবং পোশাকে একজন নারী নেত্রীর আবহ ফুটে উঠেছে। অন্যদিকে, গাড়ির পাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে দৃশ্যটি বুঝিয়ে দিচ্ছেন দেব।
এর পাশাপাশি মঙ্গলবার (৪ আগস্ট) সিনেমাটির আরেকটি শুটিং পরবর্তী দৃশ্য নেটদুনিয়ায় আলোড়ন তোলে। লাদাখ থেকে শুটিংয়ের কাজ শেষ করে বিমানবন্দরে পৌঁছানোর পর দেব ও শুভশ্রীর মিষ্টি আলিঙ্গনের একটি মুহূর্ত অনুরাগী পেজে ছড়িয়ে পড়লে তা নিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন বহু ভক্ত।
সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। দেব-শুভশ্রী জুটির ফেরা এবং দেবের নতুন রূপের পরিচালনার পাশাপাশি, একসময় ব্যান হয়ে থাকা অভিনেতা অনির্বাণের বড়পর্দায় প্রত্যাবর্তন এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ।
এখন পর্যন্ত ‘দেশু ৭’ সিনেমার কেবল একটি অফিশিয়াল পোস্টার উন্মোচিত হলেও, শুটিংয়ের টুকরো ছবি ও ভিডিও ঘিরে ইতিমধ্যে সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।





