পূজা চেরির বিয়ের নতুন গুঞ্জন: নীরবতায় বাড়ছে কৌতুহল

বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করে ঢালিউডে দ্রুতই জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। তবে বেশ কিছু দিন ধরে বড় পর্দায় তাঁর উপস্থিতি আগের চেয়ে অনেকটাই কমে গেছে। সর্বশেষ ‘দম’ চলচ্চিত্রে দেখা যাওয়ার পর নতুন কোনো সিনেমায় তাঁর যুক্ত হওয়ার স্পষ্ট খবর মেলেনি। এই বিরতির মাঝেই বিনোদন পাড়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে তাঁর বিয়ের গুঞ্জন।
শোবিজে জোর গুঞ্জন উঠেছে, সম্প্রতি দেশের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পূজা চেরি। এর আগে চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে নিজের বাগদানের কথা স্বীকার করেছিলেন এই অভিনেত্রী। তবে সবসময় ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করা পূজা তাঁর বাগদত্তার পরিচয় কখনো প্রকাশ করেননি। নতুন এই বিয়ের গুঞ্জনের সত্যতা নিশ্চিত করতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে কোনো সাড়া পাওয়া যায়নি।
অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে নিজের অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর পোস্টারের সামনে তোলা কিছু ছবি শেয়ার করে জীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এগুলো শুধু দেয়ালে টাঙানো পোস্টার নয়, এগুলো আমার যাত্রার অংশ... তবে বলুন তো, কোনটি এখানে নেই? অনুমান করতে পারেন?”
পূজার এই ইঙ্গিতপূর্ণ প্রশ্নকে ঘিরে ভক্ত ও অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এটি কি তাঁর জীবনের কোনো নতুন অধ্যায়ের সংকেত নাকি নতুন কোনো চলচ্চিত্রের ঘোষণা—তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’ ও ‘গলুই’-এর মতো সফল চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন পূজা চেরি। তবে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন কিংবা নতুন কাজের রহস্য নিয়ে তাঁর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার অপেক্ষায় আছেন ভক্তরা।






