‘টক্সিক’-এ অভিনয়ের কারণ জানালেন কিয়ারা আদভানি

দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এ অভিনয়ের কারণ জানিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবিতে নাদিয়া চরিত্রে অভিনয় করছেন তিনি, যা ইতোমধ্যে দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, গল্প শোনার পরই তিনি ছবিটিতে কাজ করতে আগ্রহী হন। বিশেষ করে পরিচালক গীতু মোহনদাস যেভাবে চরিত্রটি নির্মাণ করেছেন, সেটিই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। তার ভাষায়, একজন অভিনেতার জন্য এমন চরিত্র গুরুত্বপূর্ণ, যেখানে নিজেকে নতুনভাবে প্রকাশের সুযোগ থাকে।
কিয়ারা বলেন, “গল্পটি শোনার পর আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চরিত্রটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একজন অভিনেতা হিসেবে এমন চরিত্রই সব সময় খুঁজি।” তিনি আরও বলেন, ক্যারিয়ারের বর্তমান পর্যায়ে এসে এই ধরনের জটিল চরিত্রে অভিনয়ের আত্মবিশ্বাস তার রয়েছে।
জানা গেছে, ছবিতে কিয়ারার চরিত্র নাদিয়া বেশ জটিল ও বহুস্তরীয়। এতে শক্তি, দুর্বলতা, আবেগ ও বিভিন্ন মানসিক অবস্থার প্রকাশ ঘটানোর সুযোগ রয়েছে। কিয়ারা মনে করেন, একজন শিল্পীর জন্য এ ধরনের চরিত্রে অভিনয় করা বিশেষ অভিজ্ঞতা এনে দেয়।
নারী চরিত্র প্রসঙ্গে কিয়ারা বলেন, সিনেমায় নারীদের একধরনের নির্দিষ্ট ছকে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তার মতে, পর্দায় নারীদের আরও বাস্তবসম্মত, শক্তিশালী ও বহুমাত্রিকভাবে উপস্থাপন করা প্রয়োজন।
ছবিটিতে কিয়ারার সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। সহ-অভিনেত্রীদের সম্পর্কে কিয়ারা বলেন, প্রত্যেকে নিজস্ব শক্তি নিয়ে চরিত্রগুলোতে ভিন্নতা এনেছেন, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ একটি অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। এতে বাবা-ছেলের দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উঠে আসবে। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত ছবিটি পরবর্তীতে একাধিক ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে।
ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন রাজীব রবি, ব্যাকগ্রাউন্ড স্কোরে আছেন রবি বসরুর এবং অ্যাকশন পরিচালনায় রয়েছেন হলিউডের স্টান্ট পরিচালক জে জে পেরি। আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ছবিটির।





