কম খরচে ছোট ঘরকে যেভাবে বড় ও প্রশান্তিদায়ক দেখানো যায়

ছোট বাসা মানেই অগোছালো বা অস্বস্তিকর—এ ধারণা এখন আর আগের মতো নেই। একটু পরিকল্পনা আর কিছু সহজ কৌশল ব্যবহার করলেই সীমিত জায়গার ঘরও হয়ে উঠতে পারে খোলামেলা, আরামদায়ক ও নান্দনিক। অল্প খরচে ছোট ঘরকে তুলনামূলক বড় দেখানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলেছেন সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যি।
হালকা রঙে বাড়ে খোলামেলা অনুভূতি
ছোট ঘরের দেয়ালে হালকা রং ব্যবহার করলে জায়গা তুলনামূলক বড় দেখায়। উজ্জ্বল সাদা, অফ-হোয়াইট, ধূসর, বেইজ কিংবা হালকা প্যাস্টেল টোনের রং ছোট অন্দরের জন্য উপযোগী। তবে একাধিক গাঢ় রং বা অতিরিক্ত কন্ট্রাস্ট ব্যবহার করলে ঘর ছোট ও ভারী লাগতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, পুরো ঘরে একই ধরনের রঙের টোন বজায় রাখলে দৃষ্টিতে একধরনের ধারাবাহিকতা তৈরি হয়, যা ছোট ঘরকে আরও প্রশস্ত দেখাতে সাহায্য করে।
প্রাকৃতিক আলোকে গুরুত্ব দিন
দিনের আলো ছোট ঘরকে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে। তাই জানালার সামনে ভারী পর্দার বদলে পাতলা কাপড়ের পর্দা ব্যবহার করা ভালো। এতে সূর্যের আলো সহজে ভেতরে ঢুকতে পারে এবং ঘরে স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়।
রাতের সময় উষ্ণ আলোর ব্যবহার ঘরে আরামদায়ক আবহ এনে দেয়। শুধু একটি লাইটের ওপর নির্ভর না করে বিভিন্ন কোণে আলোর ব্যবস্থা করা যেতে পারে। দেয়ালের কোণ, তাকের পেছন কিংবা ছোট ল্যাম্পের আলো ঘরকে আরও নান্দনিক দেখায়।
আসবাব কম, খালি জায়গা বেশি
ছোট ঘরে আসবাবপত্র এমনভাবে সাজানো উচিত, যাতে চলাচলের পর্যাপ্ত জায়গা থাকে। মেঝের যত বেশি অংশ দৃশ্যমান থাকবে, ঘর তত বেশি খোলামেলা মনে হবে।
অপ্রয়োজনীয় ভারী আসবাব সরিয়ে বহুমুখী ব্যবহারযোগ্য আসবাব বেছে নেওয়া যেতে পারে। যেমন—সোফা-কাম-বেড, স্টোরেজ বেড বা ভাঁজ করা যায় এমন টেবিল ছোট বাসার জন্য বেশ কার্যকর। ছাদ পর্যন্ত ক্যাবিনেট তৈরি করলে কম জায়গায় বেশি জিনিস সংরক্ষণ করা সম্ভব হয়।
গুছিয়ে রাখুন ঘর
ছোট ঘরে অতিরিক্ত জিনিসপত্র রাখলে দ্রুত অগোছালো লাগে। তাই প্রয়োজন ছাড়া কিছু না রাখাই ভালো। ছোট ছোট বাক্স বা সংগঠক ব্যবহার করে জিনিসপত্র পরিপাটি করে রাখলে ঘর দেখতে ছিমছাম লাগে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিপাটি ঘর শুধু সুন্দরই দেখায় না, মানসিক স্বস্তিও বাড়ায়।
আয়না ও গাছের ব্যবহার আনতে পারে ভিন্নতা
বড় আয়না ছোট ঘরের জন্য কার্যকর একটি উপকরণ। আয়নায় আলোর প্রতিফলনের কারণে ঘর তুলনামূলক বড় ও উন্মুক্ত দেখায়।
এ ছাড়া ঘরে ছোট কিছু গাছ রাখলে পরিবেশে সতেজ ভাব আসে। চাইলে ডিফিউজার ব্যবহার করে হালকা সুগন্ধ ছড়িয়ে দেওয়া যেতে পারে। পাশাপাশি মৃদু সংগীত বা প্রকৃতির শব্দও ঘরের প্রশান্তি বাড়াতে সহায়তা করে।
অল্প জায়গার ঘরকে আরামদায়ক করে তুলতে সব সময় বড় বাজেটের প্রয়োজন হয় না। সঠিক রং, আলো, আসবাবের বিন্যাস ও পরিচ্ছন্নতা—এই কয়েকটি বিষয়েই বদলে যেতে পারে পুরো অন্দরসজ্জার অনুভূতি।






