‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’—নতুন করে আলোচনায় বিজয়ের ‘সরকার’ সিনেমা

ভোটাধিকার, রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারকে কেন্দ্র করে নির্মিত তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা ‘সরকার’ আবারও নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে বিজয়ের রাজনৈতিক উত্থানের পর সিনেমাটির গল্প ও বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
জনপ্রিয় নির্মাতা এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় করপোরেট জগতের সফল প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর রামাসামি চরিত্রে অভিনয় করেছেন বিজয়।
সিনেমার গল্পে দেখা যায়, ভোট দিতে বিদেশ থেকে ভারতে ফেরেন সুন্দর রামাসামি। কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর ভোট আগেই জালিয়াতির মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর তিনি রাজনৈতিক দুর্নীতি, ভোট কারচুপি ও ক্ষমতাসীনদের অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে যান।
নিজের ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াই একসময় সাধারণ মানুষের অধিকার ও সুশাসনের দাবিতে বড় রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। সিনেমাটি মূলত নির্বাচনব্যবস্থা, রাজনৈতিক প্রভাব ও জনগণের শক্তিকে ঘিরে নির্মিত একটি রাজনৈতিক অ্যাকশন-ড্রামা।
অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর তাঁর পুরোনো রাজনৈতিক বার্তাধর্মী সিনেমাগুলোও আবার আলোচনায় এসেছে।
দীর্ঘদিন ধরেই বিজয়ের সিনেমায় সামাজিক ও রাজনৈতিক বার্তা দেখা গেছে। তাঁর অনেক চরিত্রই সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করেছে। ‘সরকার’ সেই ধারার অন্যতম জনপ্রিয় সিনেমা হিসেবে বিবেচিত হয়।





