তামিমকে ছাড়িয়ে টেস্টে নতুন রেকর্ড গড়লেন মুশফিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড এখন এককভাবে তাঁর দখলে।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করেন মুশফিকুর রহিম। এই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ৪২তম বার ৫০ বা তার বেশি রানের দেখা পেলেন তিনি।
১০১ ম্যাচের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে মুশফিক এখন পর্যন্ত করেছেন ১৩টি সেঞ্চুরি ও ২৯টি অর্ধশতক। এতদিন বাংলাদেশের হয়ে এই রেকর্ড যৌথভাবে ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে। তবে পাকিস্তানের বিপক্ষে দারুণ এই ইনিংস খেলেই তামিমকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন মুশফিক।
তামিম ইকবাল ৭০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মোট ৪১ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৩১টি অর্ধশতক।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বাধিক ৫০ ঊর্ধ্ব ইনিংসের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। ৭৬ টেস্টে তিনি ৩৯ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। এর মধ্যে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৬টি অর্ধশতক।
চতুর্থ অবস্থানে আছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ৭১ টেস্টে তিনি ৫টি সেঞ্চুরি ও ৩১টি অর্ধশতকের সাহায্যে মোট ৩৬ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। ধারাবাহিক পারফরম্যান্স ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের ক্রিকেটে নিজের অবস্থান আরও শক্ত করলেন এই ডানহাতি ব্যাটার।





