সোলসের সংগীতায়োজনে পার্থ ও ডিজে মারুফের নতুন গান ‘বোকা’

সময় ও সমসাময়িক বাস্তবতাকে সামনে রেখে নতুন একটি সংগীত আয়োজন নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়া এবং আলোচিত র্যাপশিল্পী ডিজে মারুফ। ‘বোকা’ শিরোনামের নতুন এই গানটির মাধ্যমে মোবাইল ফোনের অতিরিক্ত নির্ভরতা সমাজে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
গানের ভিডিওতেও রাখা হয়েছে ব্যতিক্রমী উপস্থাপনা। এতে পার্থ বড়ুয়াকে নায়ক এবং ডিজে মারুফকে খলচরিত্রের রূপে দেখানো হয়েছে, যা দর্শকদের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই আয়োজনের পরিকল্পনা ও গানের কথা লিখেছেন ডিজে মারুফ। একই সঙ্গে গানের সুর এবং র্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড সোলসের সদস্যরা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গত বৃহস্পতিবার সোলস, পার্থ বড়ুয়া এবং ডিজে মারুফের ইউটিউব চ্যানেলে একযোগে গানটি প্রকাশ করা হয়েছে।
নতুন এই গান প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ডিজে মারুফ সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করে। তার গানে বিনোদনের পাশাপাশি সচেতনতামূলক বিষয়ও গুরুত্ব পায়। ‘বোকা’ গানটিও সেই ধরনের একটি উদ্যোগ, যেখানে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, গানের ভাবনা জানার পর বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাবেননি। বরং এ আয়োজনে সোলসের সদস্যদেরও যুক্ত করেছেন, যা আগে কখনও করা হয়নি। তাঁর বিশ্বাস, গানটির কথা, সুর, সংগীতায়োজন, গায়কী এবং ভিডিও নির্মাণ—সবকিছু মিলিয়ে এটি শ্রোতা-দর্শকের মনে প্রভাব ফেলবে।
অন্যদিকে ডিজে মারুফ বলেন, পার্থ বড়ুয়া এবং সোলসের প্রতি তার দীর্ঘদিনের ভালো লাগা রয়েছে। বহুদিনের ইচ্ছা ছিল প্রিয় শিল্পী ও ব্যান্ডের সঙ্গে কাজ করার। ‘বোকা’ গানটির মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে।
তিনি বলেন, ‘গানের পরিকল্পনার কথা বলার পরই পার্থদা কোনো দ্বিধা ছাড়াই কাজটিতে সম্মতি দিয়েছেন। বিষয়টি আমার জন্য বিশেষ আনন্দের ছিল। শ্রোতাদের ভালো লাগলে আমাদের এই প্রচেষ্টা সফল হবে।’
এদিকে গান প্রকাশের পাশাপাশি সোলসের সদস্যরা বর্তমানে মঞ্চ পরিবেশনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ডটি ২০২৩ সালে সংগীতজগতে তাদের পাঁচ দশকের পথচলা পূর্ণ করেছে।
সেই উপলক্ষে ২০২৩ সাল থেকে নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছে সোলস। মৌলিক গানের পাশাপাশি সম্প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মেঘ বলেছে যাব যাব’ গান পরিবেশন করেও প্রশংসা পেয়েছে ব্যান্ডটি।
অন্যদিকে ডিজে মারুফও সমসাময়িক ধারার সংগীতে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শ্রোতাদের জন্য ব্যতিক্রমী কাজ করে যাচ্ছেন।






