বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কারা গাইবেন, কোন শহরে কবে আয়োজন

অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। এবার প্রথমবারের মতো তিনটি দেশে অনুষ্ঠিত হচ্ছে আসরটি, আর সেই সঙ্গে উদ্বোধনী আয়োজনেও থাকছে ভিন্নমাত্রা। এক দিনের পরিবর্তে দুই দিনে তিনটি ভিন্ন শহরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এসব আয়োজনে সংগীতের ঝলক ছড়াবেন বিশ্বের জনপ্রিয় কয়েকজন তারকা শিল্পী।
কলম্বিয়ার পপ তারকা শাকিরা, মার্কিন গায়িকা কেটি পেরি, দক্ষিণ কোরিয়ান সংগীতজগতের পরিচিত মুখ লিসা এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয়সহ আন্তর্জাতিক অঙ্গনের বহু শিল্পী অংশ নেবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে।
মেক্সিকো সিটি: শুরুর দিনে শাকিরার পরিবেশনা
১১ জুন মেক্সিকো সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের আগে আয়োজিত অনুষ্ঠানে মেক্সিকোর ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হবে। আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকসংগীত এবং কাগজ কেটে তৈরি ঐতিহ্যবাহী শিল্পকর্ম ‘পাপেল পিকাদো’র প্রদর্শনের মাধ্যমে দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে। এই আয়োজনে শাকিরা ও বার্না বয় যৌথভাবে পরিবেশন করবেন ‘ডাই ডাই’ শিরোনামের গান। গানটির অর্থ ‘চলো’। এছাড়া আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের বিরতিতেও মঞ্চ মাতাবেন শাকিরা। সেখানে তার সঙ্গে থাকবেন ম্যাডোনা এবং জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।
ফিফার অফিসিয়াল বিশ্বকাপ অ্যালবামে থাকা একাধিক শিল্পীও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস ও মানা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার গায়ক-গীতিকার টাইলাও পরিবেশনা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ১১ জুন মেক্সিকো সিটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্টেডিয়াম এলাকায় শুধু টিকিটধারী দর্শক, অনুমোদিত গণমাধ্যমকর্মী এবং স্বীকৃত ব্যক্তিদের প্রবেশের অনুমতি থাকবে।
টরন্টো: কানাডার বৈচিত্র্যের উদযাপন
১২ জুন টরন্টোয় নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে। অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স।
লস অ্যাঞ্জেলেস: তারকাখচিত আয়োজনে লিসা ও কেটি পেরি
একই দিনে লস অ্যাঞ্জেলেসে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
এ আয়োজনে অংশ নেবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, লিসা, রেমা এবং টাইলা। বিশ্বসংগীতের বিভিন্ন ধারার শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের পাশাপাশি সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। মাঠের লড়াই শুরুর আগে বিশ্বের নানা প্রান্তের তারকারা সংগীতের সুরে উৎসবের আবহ ছড়িয়ে দেবেন তিন স্বাগতিক দেশে।





