পানিশূন্যতা কি ত্বকের বয়স দ্রুত বাড়িয়ে দিতে পারে?

গরমের সময়ে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন খুবই সাধারণ একটি সমস্যা। তবে অনেকেই এটিকে তেমন গুরুত্ব দেন না। অথচ শরীর থেকে বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ না হলে তা ধীরে ধীরে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে প্রভাব ফেলে। এর ফলে মুখ শুকিয়ে যাওয়া, ক্লান্তি, মাথা ঘোরা কিংবা পেশিতে টান ধরার মতো উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে তার প্রভাব পড়ে ত্বকের ওপরও। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী পানিশূন্যতা ত্বককে দ্রুত বয়স্ক দেখাতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ডিহাইড্রেশনের কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে গেলে ত্বক তার উজ্জ্বলতা ও কোমলতা হারাতে শুরু করে। এতে সূক্ষ্ম রেখা ও বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। ত্বক তখন ক্লান্ত, রুক্ষ ও অনুজ্জ্বল দেখায়। কারণ ত্বকের সুরক্ষা স্তর দুর্বল হয়ে পড়ে এবং তা আগের মতো আর্দ্রতা ধরে রাখতে পারে না।
তাদের মতে, প্রাথমিক পর্যায়ে শরীরে পর্যাপ্ত পানি ও আর্দ্রতা ফিরিয়ে আনলে ত্বকের অবস্থার উন্নতি সম্ভব। তবে দীর্ঘ সময় ধরে পানিশূন্যতা চলতে থাকলে তা অকাল বার্ধক্যের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। স্বাস্থ্যকর ও আর্দ্র ত্বক সাধারণত বেশি স্থিতিস্থাপক থাকে, যা ত্বককে স্বাভাবিকভাবেই তরুণ দেখাতে সাহায্য করে। তাই দীর্ঘমেয়াদে ত্বক ভালো রাখতে শরীরকে আর্দ্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পানিশূন্য ত্বকের সাধারণ লক্ষণ
ত্বকে টানটান অনুভূতি হওয়া
মুখ অনুজ্জ্বল বা নিষ্প্রভ দেখানো
ত্বক খসখসে হয়ে যাওয়া
চোখ ও ঠোঁটের চারপাশে সূক্ষ্ম রেখা স্পষ্ট হওয়া
ত্বক ক্লান্ত ও কম কোমল দেখানো
বিশেষজ্ঞরা জানান, অনেক সময় মেকআপও ত্বকের রেখার মধ্যে জমে যেতে পারে, যা ডিহাইড্রেশনের একটি লক্ষণ। তবে সঠিক হাইড্রেশন, ময়েশ্চারাইজার ব্যবহার এবং ত্বকের সুরক্ষা স্তর ঠিক রাখলে এসব সমস্যা অনেকটাই কমে আসে। অন্যদিকে বয়সজনিত পরিবর্তন সাধারণত আরও স্থায়ী ও গভীর হয়।
তারা আরও বলেন, শুধু শুষ্ক ত্বক নয়, তৈলাক্ত ত্বকেও পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই লক্ষণগুলো দ্রুত শনাক্ত করা জরুরি।
ত্বক যখন পানিশূন্য হয়ে পড়ে, তখন এর বাইরের স্তরে জলীয় অংশ কমে যায়। ফলে ত্বক পাতলা, ভঙ্গুর ও কম মসৃণ দেখাতে শুরু করে। এতে স্বাভাবিকভাবেই বলিরেখা ও ফাইন লাইনের উপস্থিতি বাড়ে।
২০২৩ সালে ‘নিউট্রিয়েন্টস’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বারবার ডিহাইড্রেশন ত্বকের সুরক্ষা স্তর দুর্বল করে দিতে পারে এবং ত্বকের নিজেকে মেরামত করার ক্ষমতা কমিয়ে দেয়। এর সঙ্গে যদি অতিরিক্ত রোদ, দূষণ, মানসিক চাপ ও অস্বাস্থ্যকর জীবনযাপন যুক্ত হয়, তাহলে ত্বকের কোলাজেন দ্রুত ভেঙে যেতে পারে এবং অকাল বার্ধক্যের ঝুঁকি বাড়ে।
কারা বেশি ঝুঁকিতে
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরম, ঘাম, আর্দ্রতা ও দীর্ঘ সময় রোদের মধ্যে থাকার কারণে গ্রীষ্মকালে অনেকেই এ সমস্যায় ভোগেন। বিশেষ করে যারা দীর্ঘ সময় বাইরে থাকেন, নিয়মিত ভ্রমণ করেন, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করেন বা পর্যাপ্ত পানি পান করেন না—তাদের ঝুঁকি বেশি।
এছাড়া যাদের ত্বকের সুরক্ষা স্তর সংবেদনশীল বা দুর্বল, তাদের ক্ষেত্রেও পানিশূন্যতার কারণে ত্বকের দ্রুত বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে।
অতিরিক্ত ক্যাফেইন, অ্যালকোহল, প্রক্রিয়াজাত খাবার গ্রহণ এবং ক্ষতিকর স্কিনকেয়ার পণ্য ব্যবহারের কারণেও ত্বক দ্রুত আর্দ্রতা হারাতে পারে।
যেভাবে ত্বক আর্দ্র রাখবেন
বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। পাশাপাশি পানিসমৃদ্ধ ফল, শাকসবজি ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা উচিত।
ত্বকের যত্নেও সতর্ক থাকতে হবে। অতিরিক্ত ফেসওয়াশ বা এক্সফোলিয়েশন ত্বকের সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ত্বকের আর্দ্রতা কমিয়ে দিতে পারে।
ত্বকের ধরন অনুযায়ী ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বক সুরক্ষিত থাকে।
এছাড়া পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ধূমপান পরিহার করার মতো স্বাস্থ্যকর অভ্যাসও ত্বককে দীর্ঘদিন সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।





