পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী

পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেবল সরকার বা সিটি করপোরেশনের উদ্যোগে একটি উন্নত নগর গড়ে তোলা সম্ভব নয়; এ ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।
বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিলনায়তনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা দীর্ঘদিনের। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হওয়ায় রাজধানীতে মানুষের চাপ দিন দিন বাড়ছে। ফলে নগর ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, নাগরিকদের মধ্যে শৃঙ্খলা ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে আধুনিক নগর সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে আগামী বছর থেকে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে নৈতিকতা ও পরিচ্ছন্নতা বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।





