জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরে জবিতে ছাত্রদলের গণসংযোগ

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’— এই বার্তা সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, জুলাই জাতীয় সনদ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে থেকে কর্মসূচির সূচনা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণ করা লিফলেটে গণভোটসংক্রান্ত চারটি প্রশ্নের ব্যাখ্যার পাশাপাশি জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হয়। সেখানে বলা হয়, জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নের কিছু অংশ সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি জানিয়েছিল।
লিফলেটে আরও বলা হয়, বিএনপি ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও তা সংসদের আসনসংখ্যার আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করে। পাশাপাশি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয় এমন উচ্চকক্ষের কাছে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পাঠানোর বিরোধিতার কথাও উল্লেখ করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের নোট অংশ অনুযায়ী কোনো রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে বিষয় অন্তর্ভুক্ত করে জনগণের সমর্থন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।
লিফলেটে গণভোটের ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নে বিএনপির পূর্ণ সমর্থনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। সেখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারব্যবস্থা উন্নয়ন এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর মতো বিভিন্ন সংস্কারের কথা উল্লেখ করা হয়।
ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই এ প্রচারণা পরিচালনা করা হচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই জাতীয় সনদ শুধু একটি রাজনৈতিক দলিল নয়, এটি গণতন্ত্র পুনর্গঠন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের একটি অঙ্গীকার। তাঁর মতে, বিএনপি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মতামত ও অধিকার নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনার নতুন ধারা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষাবান্ধব রাষ্ট্র গঠনে জুলাই জাতীয় সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।





