চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :
চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
রায়ের ফলে আসলাম চৌধুরীর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে ৩০ জুন রায়ের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।
আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয়। নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক রিট করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে এবং জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও ফলাফল স্থগিত রাখা এবং প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আদালতের পূর্ববর্তী আদেশের কারণে তার ফলাফল প্রকাশ করা হয়নি। সর্বশেষ আপিল বিভাগের রায়ে তার প্রার্থিতা বাতিল হওয়ায় ওই ফলাফল প্রকাশের আর কোনো সুযোগ থাকল না।





