খুলনায় ইমরান মিট শপের বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, ক্ষুব্ধ ক্রেতারা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা নগরীর ময়লাপোতা মোড়ের ফারাজীপাড়া রোডে অবস্থিত ইমরান মিট শপের বিরুদ্ধে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ৭৩০ টাকা কেজি দরে মাংস কিনে ভোগান্তিতে পড়েছেন এক ক্রেতা। এ ঘটনায় স্থানীয় ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এক ভুক্তভোগী ক্রেতা ইমরান মিট শপ থেকে ৭৩০ টাকা কেজি দরে মোট ১ হাজার ৭০০ টাকার মাংস কেনেন। পরে বাসায় নিয়ে যাওয়ার পর মাংস থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত দোকানে গিয়ে অভিযোগ জানান।
এ সময় দোকান কর্তৃপক্ষ তাঁকে সকালে এসে বিষয়টি দেখানোর কথা বলে। এতে ক্ষোভ প্রকাশ করে ওই যুবক জানান, তিনি রাতে রান্না করে খাওয়ার উদ্দেশ্যে মাংস কিনেছেন। এখন তাঁকে সকালে আসতে বলা হচ্ছে। সকালে গেলে মাংস পরিবর্তন করে দেওয়া হবে কি না, সে বিষয়েও কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ।
ভুক্তভোগীর দাবি, দোকানটিতে ফ্রিজে সংরক্ষণ করা মাংস বিক্রি করা হয়। তবে মাংসটি কীভাবে সংরক্ষণ করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এদিকে, স্থানীয় আরও কয়েকজন ক্রেতার অভিযোগ, ময়লাপোতা মোড় ও ফারাজীপাড়া রোডের কিছু মাংসের দোকানে পচা এবং অসুস্থ গরুর মাংস বিক্রির ঘটনা ঘটছে। তাঁদের দাবি, অতীতেও এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। কিন্তু প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি চোখে পড়েনি।
ইমরান মিট শপের মালিক ইমরান হোসাইনের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, ময়লাপোতা মোড় ও ফারাজীপাড়া রোডের সব মাংসের দোকানে নিয়মিত অভিযান ও তদারকি করা হোক। মাংসের মান, সংরক্ষণ পদ্ধতি এবং পশু জবাইয়ের স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
ভোক্তাদের প্রশ্ন, সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেবে?





