এন্ড্রু কিশোরকে স্মরণে শিষ্য মোমিন, তুলে ধরলেন শেষ বিদায়ের স্মৃতি

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী আজ। ২০২০ সালের ৬ জুলাই তিনি মারা যান। দিনটি উপলক্ষে তাকে স্মরণ করছেন পরিবারের সদস্য, সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তাদেরই একজন তার শিষ্য হিসেবে পরিচিত সংগীতশিল্পী মোমিন বিশ্বাস।
এন্ড্রু কিশোরের সান্নিধ্যেই সংগীতজীবনে পথচলা শুরু হয় মোমিন বিশ্বাসের। প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি গুরুর শেষ সময়ের নানা স্মৃতি তুলে ধরেছেন।
মোমিন লেখেন, ‘৬ জুলাই ২০২০, রাত ৮টা ১০ মিনিটে আপনাকে যে সাবান দিয়ে নিজের হাতে শেষবারের মতো গোসল করিয়েছিলাম, এখনো আমার হাত শুঁকলে সেই সাবানের ঘ্রাণ পাই। গোসল করানোর সময় আপনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে অঝোরে আমার চোখের জল আপনার গোসলের পবিত্র জলের সঙ্গে মিশে গিয়েছিল। চোখের পলকে ছয় বছর চলে গেল, কিন্তু সেই অনুভূতি আজও আমাকে তাড়িয়ে বেড়ায়।’
তিনি আরও জানান, এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে সংরক্ষিত থাকাকালে প্রতিদিন সেখানে গিয়ে সময় কাটাতেন। সেই স্মৃতিচারণে মোমিন লেখেন, ‘মেডিকেলের হিমঘরে গিয়ে নয় দিন আপনার সঙ্গে একা একা যত কথা বলেছি, এখনো সেই প্রতিটি কথা আমার বুকে কাঁটার মতো বিঁধে থাকে। আপনার বলে যাওয়া শেষ কথাগুলো প্রতিটি মুহূর্তে আমাকে আপনার শূন্যতার কথা মনে করিয়ে দেয়। আপনার প্রতিটি ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছে।’
পোস্টের শেষাংশে গুরুর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘আপনি আছেন আমার সমস্ত প্রার্থনায়, শ্রদ্ধায়, ভালোবাসায়। শুধু দেখা হয় না, কথা হয় না—এইটুকুই পার্থক্য। আবার দেখা হবে দাদা, নিশ্চয়ই দেখা হবে।’
উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুলাই এন্ড্রু কিশোর মারা গেলেও তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় ১৫ জুলাই। সে সময় অস্ট্রেলিয়া থেকে কন্যা সংজ্ঞা দেশে ফেরার অপেক্ষায় তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়েছিল।





