ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া, কী বলছে পূর্বাভাস

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বৃহস্পতিবার (২৮ মে)। তবে উৎসবের এই আনন্দঘন দিনে কিছুটা বৃষ্টির ছোঁয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বুধবার (২৭ মে) প্রকাশিত আবহাওয়া বিশ্লেষণে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবেই এই বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। এর ফলে ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হতে পারে।
বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, যা কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সীতাকুণ্ডে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফেনীতে ৭৮ মিলিমিটার, চট্টগ্রামে ৫৮ মিলিমিটার, ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার এবং ফরিদপুরে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে খুলনা ও মোংলায় তাপমাত্রা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ—যথাক্রমে ৩৫ দশমিক ৬ এবং ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঈদের দিন ছাড়াও পরবর্তী চার দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে ঈদ উদযাপনের পাশাপাশি বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।





