আসিফ-রুবায়েতের কণ্ঠে রূপসী শ্রীমঙ্গল

মোঃ আঃ রাজ্জাক, মৌলভীবাজার প্রতিনিধি
গীতিকার, সাংবাদিক ও সংগঠক কায়েস আজিজের লেখা ও ভাবনায় নির্মিত হয়েছে মিউজিক্যাল ডকুমেন্টারি গান 'রূপসী শ্রীমঙ্গল'। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে তুলে ধরতে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং প্রবাসী বাংলাদেশিদের প্রিয় কণ্ঠশিল্পী রুবায়াত জাহান। যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করা কায়েস আজিজ বর্তমানে হিসাবরক্ষণ পেশার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন 'হৃদয়ের শ্রীমঙ্গল'-এর প্রধান নির্বাহী এবং আর্থিক বিষয়ক নিউজ পোর্টাল 'আনআরবি ফাইন্যান্স ডটকম'-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
'রূপসী শ্রীমঙ্গল' গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাসেফ। আর শ্রীমঙ্গলের মনোমুগ্ধকর লোকেশনে এর মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি নিয়ে আসিফ আকবর বলেন, দেশের গান সবসময়ই তাকে অন্যরকমভাবে টানে। কায়েস আজিজের নিজ এলাকার প্রতি ভালোবাসা থেকে এমন একটি গান তৈরির উদ্যোগ তার কাছে দারুণ লেগেছে। তিনি মনে করেন, গানের কথায় ও সুরে শ্রীমঙ্গলের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে। একইসঙ্গে রাজা ক্যাশেফের সংগীতায়োজন এবং রুবায়েত জাহানের পরিবেশনাও প্রশংসা করেন তিনি।
অন্যদিকে কায়েস আজিজ জানান, নিজের জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে লেখা গানে আসিফ আকবরের কণ্ঠ পাওয়া তার জন্য বড় প্রাপ্তি। তিনি বলেন, গানটির সুর ও সংগীতায়োজন এমনভাবে করা হয়েছে, যা শ্রোতাদের বারবার শুনতে আগ্রহী করবে। রুবায়েত জাহানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
শিগগিরই ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশ পাবে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ বলেন, শ্রীমঙ্গলকে ঘিরে এটি সত্যিই একটি অনবদ্য সৃষ্টি। উল্লেখ্য, এর আগে আসিফ আকবর ও রুবায়েত জাহানের গাওয়া 'নিঃশ্বাসে বিশ্বাসে' গানটিও শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।






