আরিয়ানের সঙ্গে যোগাযোগ নিয়ে মুখ খুললেন রিয়া

মাদক-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের অভিজ্ঞতার মিল থেকেই বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মধ্যে যোগাযোগ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন রিয়া নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।
জানা যায়, মাদককাণ্ডে গ্রেপ্তারের পর প্রায় এক মাস কারাগারে থাকতে হয়েছিল আরিয়ান খানকে। একই ধরনের অভিযোগে এর আগে ২৮ দিন কারাভোগ করেন রিয়া চক্রবর্তীও। এই অভিজ্ঞতার মিল থেকেই আরিয়ানের প্রতি সহমর্মিতা অনুভব করেছিলেন বলে জানান তিনি।
রিয়ার ভাষ্যে, কারাগার থেকে মুক্তির পর তিনি আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কারণ আমি জানি, সেই সময় একজন মানুষের মানসিক অবস্থা কেমন থাকে। ওর পরিস্থিতির সঙ্গে আমার ভাইয়ের ঘটনাও অনেকটা মিলে যায়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই তাদের যোগাযোগ ও ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা চলছিল। সাম্প্রতিক বক্তব্যে সেই গুঞ্জনের সত্যতা আংশিকভাবে স্বীকার করলেন রিয়া।
তিনি আরও বলেন, কঠিন সময় পার করার ক্ষেত্রে বন্ধুদের সমর্থন তার জন্য বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিল। তার কথায়, ‘আমি ভাগ্যবান যে আমার চারপাশে কিছু সত্যিকারের বন্ধু ছিল, যারা সবসময় পাশে থেকেছে।’
এই প্রসঙ্গে তিনি অভিনেত্রী হুমা কুরেশি, তার ভাই শাকিব সালিম, পাশাপাশি শিবানী দণ্ডেকর ও অনুষা দণ্ডেকরের নাম উল্লেখ করেন। তাদের সহযোগিতার কথা স্মরণ করে রিয়া বলেন, সমালোচনার মুখেও তারা পাশে থেকেছেন এবং তার পরিবারের খোঁজখবর নিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করা দুই তারকার এই যোগাযোগকে ঘিরে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি এতে সহমর্মিতার দিকটিও সামনে এসেছে। রিয়ার সাম্প্রতিক বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।





