'আমাকে গুলি করে দাও, তাও আদেশে কাজ করব না': আন্ডারওয়ার্ল্ডকে জবাবে শাহরুখ

বিনোদন ডেস্ক, ৭ সেপ্টেম্বর: নব্বইয়ের দশকে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের হুমকি ও রক্তচক্ষু উপেক্ষা করে বলিউড তারকা শাহরুখ খানের সাহসিকতার সঙ্গে লড়াই করার ঘটনা আবার আলোচনায় এসেছে। সম্প্রতি এক পডকাস্টে চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্ত সে সময়ের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
সঞ্জয় গুপ্ত জানান, নব্বইয়ের দশকে বলিপাড়ায় আন্ডারওয়ার্ল্ডের ব্যাপক প্রভাব ও নিয়ন্ত্রণ ছিল। বিভিন্ন গ্যাংস্টার তাদের কথামতো সিনেমা বা অনুষ্ঠানে কাজ করতে অভিনয়শিল্পী ও নির্মাতাদের বাধ্য করত। তবে শাহরুখ খান তাদের আদেশের সামনে নতি স্বীকার করেননি।
স্মৃতিচারণ করে নির্মাতা বলেন, একমাত্র শাহরুখ খানই প্রাণনাশের হুমকির মুখে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেছিলেন যে তিনি ভয়ের মুখে কাজ করবেন না। সঞ্জয়ের কথায়, "শাহরুখ বলেছিলেন, 'আমি এই সিনেমা বা শো কখনোই করব না, আমি পাঠানের বাচ্চা, ইচ্ছা হলে আমাকে গুলি করে দাও।' তাঁর এই দৃঢ় মনোভাব শেষ পর্যন্ত অপরাধীদের মনেও তাঁর প্রতি শ্রদ্ধার জায়গা তৈরি করেছিল।"
এর আগেও ব্রিটিশ সঞ্চালক রুবি ওয়াক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান জীবনের ওই কঠিন সময়ের কথা স্বীকার করেছিলেন। সে সময় আন্ডারওয়ার্ল্ডের ধারাবাহিক হুমকির কারণে টানা তিন বছর কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে জীবনযাপন করতে হয়েছিল।
বর্তমানে শাহরুখ খান তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’-এর মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন, সুহানা খান ও অভিষেক বচ্চনকে দেখা যাবে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা রয়েছে।





