হাতীবান্ধায় প্রশিক্ষণার্থীদের সামনে অতিথি প্রশিক্ষককে মারধরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিএমইটি’র নিয়মিত ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও মেশনরি ট্রেডের প্রয়োজনীয় প্রশিক্ষণ কাঁচামাল সরবরাহ না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জানা গেছে, মেশনরি ট্রেডের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল না থাকায় দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে প্রশিক্ষণার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিষয়টি নিয়ে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অতিথি প্রশিক্ষক মাহমুদুল হাসান অনিকের কাছে অভিযোগ করা হলে তিনি ব্যবহারিক প্রশিক্ষণ চালিয়ে নেওয়ার স্বার্থে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহের বিষয়টি কেন্দ্রের অধ্যক্ষ মো. আইনুল হকের কাছে তুলে ধরেন।
অভিযোগ রয়েছে, এ বিষয় নিয়ে কথা বলার একপর্যায়ে অধ্যক্ষ মো. আইনুল হকের সঙ্গে অতিথি প্রশিক্ষক মাহমুদুল হাসান অনিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে অধ্যক্ষ অতিথি প্রশিক্ষককে মারধর করেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় প্রশিক্ষণার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, প্রশিক্ষণ কার্যক্রম শুরুর প্রায় দুই মাস অতিবাহিত হলেও মেশনরি ট্রেডের প্রয়োজনীয় কাঁচামাল না থাকায় তারা পর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ নিতে পারছেন না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিয়ে তারা উদ্বিগ্ন।
এদিকে প্রশিক্ষণার্থীদের সামনে একজন অতিথি প্রশিক্ষককে মারধরের অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা অভিযোগটির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে মারধরের অভিযোগের বিষয়ে হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আইনুল হক এবং অতিথি প্রশিক্ষক মাহমুদুল হাসান অনিকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
সংশ্লিষ্টদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সত্যতা উদঘাটনের পাশাপাশি মেশনরি ট্রেডের প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা হোক।





