সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১০ জেলেকে উদ্ধার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :
সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৯ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের ফিশিং বোটটি ১০ জন জেলেকে নিয়ে গত ২৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। সোমবার সকাল ৯টার দিকে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সেটি ভাসতে থাকে। পরে দুপুর ১টার দিকে বোটের এক মাঝি মোবাইল ফোনে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীতে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে জেলেদের এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড জানায়, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।





