ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ দখল ও অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের জীবনরেখা খ্যাত পুরাতন ব্রহ্মপুত্র নদের জায়গা দখল, অবৈধ খনন এবং বালু লুটপাট অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগরীর কাচারীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ‘ময়মনসিংহ মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান বক্তারা।
সংগঠনটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নদের জায়গা দখল করে খেলার মাঠ নির্মাণ এবং অপরিকল্পিত ও অবৈধভাবে নদ খননের কার্যক্রম নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। নদী রক্ষার নামে চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রমের স্বচ্ছতা এবং খননকাজে ব্যয় হওয়া অর্থের সঠিক হিসাব নিয়েও প্রশ্ন তোলেন তারা।
মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে ‘ময়মনসিংহ মঞ্চ’-এর মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, “নদের জায়গা দখল করে খেলার মাঠ নির্মাণ কিংবা অবৈধ খনন কোনোভাবেই পরিবেশ সংরক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নদী রক্ষার নামে এমন হঠকারী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব বন্ধ করতে হবে।”
মানববন্ধন থেকে ব্রহ্মপুত্র নদকে সব ধরনের দখলমুক্ত করা, অবৈধ বালু উত্তোলন ও লুটপাট পুরোপুরি বন্ধ করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।






