ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোয় দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বাংলোর একটি বাথরুমে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান নীলফামারী জেলা শহরের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মন্টু মিয়া। তিনি বিবাহিত এবং তাঁর ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান তাঁর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি এসপির সরকারি বাংলোর বাথরুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে ভিডিও কলে থাকা অবস্থাতেই গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি টের পেয়ে সহকর্মীরা দ্রুত বাথরুমের দরজা খুলে তাঁকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গাইবান্ধার পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে ভিডিও কলে থাকা অবস্থায় কনস্টেবল হাবিবুর রহমান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





