বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৪ জুলাই ২০২৬: বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির ক্ষেত্রে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাকে এ নির্দেশনা অনুসরণ করতে হবে। ২৮ জুন ২০২৬ তারিখে শিল্প মন্ত্রণালয়ের বয়লার শাখা থেকে জারি করা স্মারকের ভিত্তিতে এই নতুন বিধান কার্যকর করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বয়লার বা এর কম্পোনেন্ট আমদানির আগে নির্ধারিত ফরমে আবেদন করে প্রধান বয়লার পরিদর্শকের অনুমোদন নিতে হবে। আবেদন পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রতিবেদন দাখিল করবেন। এরপর তা পর্যালোচনা করে অনুমোদন দেওয়া বা আবেদন বাতিল করা হবে।
অনুমোদন মিললে উপ-প্রধান বয়লার পরিদর্শক অনুমোদনপত্র ইস্যু করবেন। আর আবেদন নামঞ্জুর হলে সাত কার্যদিবসের মধ্যে কারণ জানাতে হবে। আবেদনকারী চাইলে ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বয়লার নির্মাতাকে ড্রয়িং ও ডিজাইন অনুমোদনের ১২ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। সরবরাহ বা বিক্রির পর নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব দলিল ক্রেতা প্রতিষ্ঠানকে দিতে হবে এবং তাদের নাম-ঠিকানা প্রধান বয়লার পরিদর্শককে জানাতে হবে।
এছাড়া শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান শ্রম আইন মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। বয়লারের মান নিশ্চিত করতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্মাতার কারখানা বা উৎপাদন প্রক্রিয়াও পরিদর্শন করতে পারবে।





