বেলজিয়ামের বিপক্ষে কঠিন পরীক্ষায় ইরান, ভ্রমণ ক্লান্তিকেও হার মানাতে চায় পার্সিয়ান লায়ন্স

লস অ্যাঞ্জেলেস, ২১ জুন: ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। তবে ম্যাচের আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভ্রমণজনিত ক্লান্তি ও নানা প্রশাসনিক জটিলতার সঙ্গেও লড়তে হচ্ছে এশিয়ার প্রতিনিধিদের।
মেক্সিকোর তিজুয়ানা থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার। আকাশপথে যাত্রা তুলনামূলক স্বল্প সময়ের হলেও সীমান্ত ও বিমানবন্দর সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতার কারণে ইরানকে অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
ফিফার বিধিমালা অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচের আগের দিন ভেন্যু শহরে এসে সংবাদ সম্মেলন, অনুশীলন এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নিতে হয়। তবে ইরানের দাবি, তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। সম্প্রতি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হলেও বাস্তবে তা হয়নি।
ইরানের প্রধান কোচ আমির ঘালেনয় বলেন, “আমরা বিশ্বকাপের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া দলগুলোর একটি। আমাদের জন্য পরিস্থিতি সহজ নয়। তবু আমরা লড়াই চালিয়ে যাব এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
অন্যদিকে বেলজিয়াম তুলনামূলকভাবে স্বস্তিকর অবস্থানে রয়েছে। দলের গোলরক্ষক থিবো কর্তুয়া জানিয়েছেন, কম ভ্রমণ করতে হওয়ায় খেলোয়াড় ও তাদের পরিবারের জন্য পরিস্থিতি অনেক সুবিধাজনক হয়েছে।
সংবাদ সম্মেলনে কর্তুয়া বলেন, “আমরা একটি নির্দিষ্ট হোটেলে অবস্থান করছি। অতিরিক্ত ভ্রমণ করতে হচ্ছে না। এতে প্রস্তুতি নেওয়া সহজ হচ্ছে।”
মাঠের হিসাবে অবশ্য ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় পায়নি ইরান। দুইবার পিছিয়ে পড়ার পর ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ফলে বেলজিয়ামের বিপক্ষে ভালো ফল পাওয়ার চাপ রয়েছে পার্সিয়ান লায়ন্সদের ওপর।
অন্যদিকে মিসরের বিপক্ষে পয়েন্ট হারিয়ে বেলজিয়ামও চাপে রয়েছে। গ্রুপের চার দলেরই সমান পয়েন্ট থাকায় নকআউট পর্বের দৌড়ে এই ম্যাচের গুরুত্ব আরও বেড়েছে।
বিশ্লেষকদের মতে, বেলজিয়াম আক্রমণাত্মক কৌশলে খেলতে পারে। সেক্ষেত্রে দ্রুতগতির পাল্টা আক্রমণে সুযোগ খুঁজবে ইরান। রক্ষণে শৃঙ্খলা বজায় রাখতে পারলে এশিয়ার দলটি বেলজিয়ামের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
কর্তুয়া স্বীকার করেছেন, ম্যাচটিতে জয়ের বিকল্প নেই। তিনি বলেন, “বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন। ইরানের বিপক্ষেও আমাদের লক্ষ্য তিন পয়েন্ট। আমরা শুধু জিততেই নয়, গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতেও চাই।”
দুপুরের গরম আবহাওয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে আবহাওয়াগত সুবিধা কিছুটা ইরানের দিকে যেতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। ফলে বেলজিয়াম-ইরান লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের প্রত্যাশা করা হচ্ছে।





