বিয়ের মঞ্চেই কুস্তির লড়াই, জয়ী কনে পেলেন ‘ঘরকন্না থেকে ছুটি’

বিয়ের অনুষ্ঠানে গান, নাচ কিংবা আংটি বদলের আয়োজন নতুন কিছু নয়। তবে জমকালো বিয়ের মঞ্চ যদি হঠাৎ কুস্তির রিংয়ে পরিণত হয় এবং সেখানে বর-কনে নিজেরাই লড়াইয়ে নেমে পড়েন, তাহলে সেটি সহজেই সবার নজর কাড়বে। এমনই এক ব্যতিক্রমী ও মজার ঘটনা ঘটেছে চীনে।
দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের জুনি শহরে পেশাদার কুস্তিগির হে ইনশেং ও তাঁর নববধূ বিবাহোত্তর সংবর্ধনায় আয়োজন করেন এক ভিন্নধর্মী কুস্তি প্রতিযোগিতার। প্রচলিত সাংস্কৃতিক আয়োজনের পরিবর্তে তাঁরা অতিথিদের সামনে তৈরি করেন একটি কুস্তির রিং।
এই আয়োজনের ছিল একটি মজার শর্ত— কুস্তিতে যে জিতবে, বিয়ের পর তাকে ঘরের কোনো কাজ করতে হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর ও কনে বেশ নাটকীয়ভাবে কুস্তির মঞ্চে প্রবেশ করছেন। এ সময় উপস্থিত অতিথিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অনেকে নিজেদের মুঠোফোনে মুহূর্তটি ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।
শুধু নবদম্পতিই নন, অনুষ্ঠানে উপস্থিত তাঁদের কুস্তিগির বন্ধুরাও অংশ নেন এ আয়োজনে। তাঁরা বিভিন্ন কৌশল ও প্রদর্শনী দিয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।
কয়েক দফা উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে বরকে হারিয়ে বিজয় নিশ্চিত করেন কনে। পরে রেফারি কনেকে বিজয়ী ঘোষণা করেন এবং মজার ছলে বরের ওপর ঘরের কাজের দায়িত্ব তুলে দেন। এতে পুরো অনুষ্ঠানজুড়ে হাসি ও আনন্দের পরিবেশ তৈরি হয়।
পরে চীনা গণমাধ্যমের সঙ্গে কথা বলে বর জানান, পুরো আয়োজনটি আগে থেকেই সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছিল। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে শুধু প্রশিক্ষিত কুস্তিগিরদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, বিয়ের স্মৃতিকে ব্যতিক্রমী করে রাখার পাশাপাশি প্রচলিত বিনোদনের অতিরিক্ত ব্যয় কমাতেই তাঁরা এমন অভিনব ধারণা বেছে নিয়েছেন।
এদিকে ব্যতিক্রমী এ বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী নবদম্পতির সৃজনশীলতা, রসবোধ ও ভিন্নধর্মী চিন্তার প্রশংসা করেছেন।





