বিএসইসি চেয়ারম্যানের নামে অসত্য বক্তব্যের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সতর্কতা

অর্থনীতি ডেস্ক: পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউস ও প্রযুক্তিভিত্তিক নজরদারিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নামে প্রকাশিত কিছু বক্তব্য নিয়ে তীব্র সতর্কতা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বুধবার (১৯ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বিএসইসি চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে পুঁজিবাজার সংক্রান্ত নানা মন্তব্য তুলে ধরা হয়। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, যেসব সংবাদমাধ্যমকে চেয়ারম্যান কোনো সাক্ষাৎকার দেননি, সেসব মাধ্যমে তাঁর নামে প্রকাশিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। এমন বিভ্রান্তিকর প্রচার অনভিপ্রেত।
বিএসইসি আরও উল্লেখ করে, উক্ত সংবাদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে, যা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ভুল বার্তা পৌঁছানোর ঝুঁকি তৈরি করছে। পুঁজিবাজারের মতো সংবেদনশীল খাতে কোনো বক্তব্য প্রকাশের আগে সর্বোচ্চ পেশাগত দায়িত্বশীলতা ও সত্যতা যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।
যাচাই-বাছাই ছাড়া বিএসইসি চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো সিদ্ধান্ত বা বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকতে সাংবাদিক, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ জানিয়েছে কমিশন। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের যেকোনো নীতিগত সিদ্ধান্ত বা নির্দেশনার জন্য বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইট, অনুমোদিত সংবাদ বিজ্ঞপ্তি এবং মুখপাত্রের বক্তব্যের ওপর নির্ভর করতে হবে। ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা তৈরির যেকোনো চেষ্টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।





