বটিয়াঘাটায় তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” উপলক্ষে প্রেস ব্রিফিং

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা ভূমি অফিস, বটিয়াঘাটা এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাহ-ইল ইভান সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
তিনি জানান, আগামী ১৯ মে সারাদেশে একযোগে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হবে। আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন সেবার ডিজিটালাইজেশন সম্পন্ন করেছে। ফলে এখন নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি আরও বলেন, এসব ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় বটিয়াঘাটাতেও এ মেলার আয়োজন করা হয়েছে।
আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে দেশব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” উদ্বোধন করা হবে। একই দিনে বটিয়াঘাটা উপজেলায়ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
মেলায় আগত নাগরিকরা সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে— অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন ও সহায়তা, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি গ্রহণ, মৌজাম্যাপের আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও গণশুনানি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
এছাড়া উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক স্টল থাকবে। প্রতিটি স্টলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের তথ্য ও সহযোগিতা প্রদান করবেন।
মেলা চলাকালীন উপজেলা অডিটোরিয়ামে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহার বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে। এতে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, নাগরিক সেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে।
শিক্ষার্থীদের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ভূমি আইন ও ডিজিটাল ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাহ-ইল ইভান বটিয়াঘাটা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে মেলায় অংশগ্রহণ করে সরাসরি ভূমিসেবা গ্রহণ এবং মেলাকে সফল করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগের জন্য ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।





