পাটগ্রামে মৃত গরুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধনে হামলা, আহত কয়েকজন

শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের জনতার বাজার এলাকায় মৃত গরুর মাংস বিক্রির প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার ২৫ মে দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জনতার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এলাকাবাসী শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে প্রতিপক্ষের কিছু লোক আকস্মিকভাবে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।






