পাওয়া হাউজ মোড়ে প্রকাশ্যে মাদক সেবন, আটক ২

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা নগরীর পাওয়া হাউজ মোড়ে কেসিসি পাম্পের সামনে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে কেসিসি পাম্প সংলগ্ন এলাকায় দুই যুবক প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এ সময় বাংলা স্টার জেলা প্রতিনিধি ফাহিম ইসলাম ও দৈনিক লোকালয় পত্রিকার বোরহান কবির বিষয়টি দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে বিষয়টি খুলনা সদর থানাকে জানানো হলে এসআই আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন— শহিদুল (৫৪), পিতা: জায়েদ আলী, গ্রাম: নাকশা, উপজেলা: পাইকগাছা, জেলা: খুলনা এবং আলমগীর (২০), পিতা: আলতাফ, গ্রাম: গান্ধাপাড়া, সদর উপজেলা, বাগেরহাট।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন ও আড্ডা দিয়ে আসছিলেন। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বিশেষ করে সন্ধ্যার পর ওই এলাকায় চলাচলকারী পথচারী ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
খুলনা সদর থানা সূত্রে জানা গেছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে তাদের থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রকাশ্যে মাদক সেবন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।





