পাইকগাছায় সিপিপি ইউনিট লিডারদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় খুলনার পাইকগাছা উপজেলায় সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) ইউনিট লিডারদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু।
বিডিআরসিএস খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি এস এ রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিপির খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডিএম নাজমুল আলম, খুলনা জেলা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য রাজিব হুমায়ুন রাজু, উপজেলা লেভেল অফিসার (ইউএলও) মো. তরিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মসূচির কর্মকর্তারা।
কর্মশালায় খুলনা উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ইউনিটের মোট ৬০ জন সিপিপি দলনেতা অংশগ্রহণ করেন। তারা দুর্যোগকালীন প্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় নিজেদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সিপিপি স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে সিপিপির কার্যক্রম আরও শক্তিশালী হবে।
কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং সিপিপি খুলনা অঞ্চলের উপ-পরিচালক। পুরো কর্মশালাটি পরিচালনা করেন বিডিআরসিএস খুলনা জেলা ইউনিটের প্রোগ্রাম অফিসার মো. জহিরুল ইসলাম।





